লিবিয়ার আটককেন্দ্রের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মধ্যে ৩ জন নারী, একজন শিশু ও ১৫ জন শারীরিকভাবে অসুস্থ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭ আগস্ট তাদের বুরাক এয়ারের ‘ইউজেড২২২’ ফ্লাইটে করে ঢাকায় পাঠানো হয়।
কর্মকর্তারা জানান, উন্নত জীবনের আশায় এই বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যাত্রাপথে তাদের বন্দি করে গানফুদায় রাখা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেনগাজীর গানফুদা ও ত্রিপোলির তাজুরা আটককেন্দ্রে বন্দি বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত কথা বলে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে দূতাবাস।
একইসঙ্গে দালালের প্রলোভনে বা পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ যাত্রা না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

