রোমের ঘটনায় বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ প্রধানকে

কানাডা থেকে ঢাকা ফেরার পথে ইতালির রোম বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের দীর্ঘ সময় আটকে থাকার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে বিমানের জনসংযোগ বিভাগের প্রধান বোসরা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জিএম) মহিউদ্দিন আহমেদ (অতিরিক্ত দায়িত্ব জনসংযোগ) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোমের ঘটনায় ইতিমধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে বোসরা ইসলামকে কেন জনসংযোগ প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমান কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাননি।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর গত রোববার ২৪৭ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি (বিজি-৩০৬) ঢাকায় অবতরণ করে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের এই উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রাপথে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সেখানে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে ঢাকা থেকে বিমানের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল পাঠিয়ে উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়। এরপর যাত্রী নিয়ে এটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Related Articles

Latest Posts