ময়মনসিংহ নগরীতে প্রকাশ্যে মো. রাব্বি (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি ওই এলাকার বাসিন্দা মোবারক হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, প্রকাশ্যে ওই যুবকের ওপর হামলা চালানো হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বির মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখনো কাউকে আটক করা হয়নি।’

