আসন্ন বিশ্বকাপের জন্য একই ক্লাবের ১০ জন খেলোয়াড়কে নিয়ে চেক প্রজাতন্ত্রের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হয়েছে। ইউরোপের দেশটির বর্তমান লিগ চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক ফুটবলার সুযোগ পেয়েছেন।
রোববার চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন। সেখানে আছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলা ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার টমাস সৌচেক এবং বায়ার লেভারকুসেনের স্ট্রাইকার প্যাট্রিক শিকের মতো তারকারা।
৭৪ বছর বয়সী এই কোচ দলে রেখেছেন স্পার্টা প্রাগের ১৭ বছর বয়সী মিডফিল্ডার হুগো সোকুরেককেও, যিনি মৌসুমের শেষভাগে নিজ ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন।
ফারো আইল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্বে অপ্রত্যাশিত হারের পর গত ডিসেম্বরে জাতীয় দলের দায়িত্ব নেন কৌবেক। এরপর তার অধীনে প্লে-অফ পেরিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র।
প্লে-অফে আয়ারল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে জয়ে ভূমিকা রাখা খেলোয়াড়রাই স্কোয়াডের মূল ভিত্তি হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি এবং অলিম্পিক লিওঁর মিডফিল্ডার পাভেল সুলৎস।
আগামী ১২ জুন গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘এ’ গ্রুপে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চেক প্রজাতন্ত্র। এরপর সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: লুকাস হর্নিচেক, মাতেই কোভার, জিন্দ্রিক স্টানেক
ডিফেন্ডার: ভ্লাদিমির কৌফাল, ডেভিড দৌদেরা, টমাস হোলেস, রবিন হ্রানাচ, স্টেপান কালৌপেক, ডেভিড ইয়ুরাসেক, লাদিস্লাভ ক্রেইচি, ইয়ারোস্লাভ জেলেনি, ডেভিড জিমা
মিডফিল্ডার: লুকাস চেরভ, ভ্লাদিমির দারিদা, লুকাস প্রোভোদ, মিকাল সাদিলেক, হুগো সোকুরেক, আলেকসান্দর সোইকা, টমাস সৌচেক, পাভেল সুলৎস, ডেনিস ভিসিনস্কি।
ফরোয়ার্ড: অ্যাডাম হ্লোজেক, টমাস কোরি, ময়মির কিতিল, ইয়ান কুকতা, প্যাট্রিক শিক।

