আসন্ন বিশ্বকাপের জন্য রোববার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। সেখানে জায়গা হয়নি অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছা জানানো কিংবদন্তি তারকা লুইস সুয়ারেজের।
বিশ্বকাপ সামনে রেখে ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার আন্তর্জাতিক মঞ্চে ফেরার দরজা খোলা রেখেছিলেন। তিনি সম্প্রতি জানিয়েছিলেন, ২০ মাস বাইরে থাকার পর জাতীয় দলের প্রয়োজনে অবসর ভেঙে ফিরতে প্রস্তুত আছেন।
কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা সুয়ারেজের। এর আগে আর্জেন্টাইন কোচ বিয়েলসার কৌশলের সমালোচনা করে তিনি বলেছিলেন যে, এটি ড্রেসিংরুমকে বিভক্ত করে দিয়েছে। যদিও পরে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা জানিয়েছিলেন।
সুয়ারেজের পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়া আরেক বড় নাম নাহিতান নান্দেজ। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন। তবে বিয়েলসা ফর্মে থাকা তরুণ ও পরিণত খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে গিয়ে বয়স্কদের বাদ দেওয়ার নীতি গ্রহণ করেছেন।
রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ ও মাথিয়াস অলিভেরাকে নিয়ে শক্তিশালী রক্ষণভাগের ওপর ভিত্তি করে এই দলটি গঠন করা হয়েছে।
মিডফিল্ডে ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর, মানুয়েল উগার্তে ও নিকোলাস দে লা ক্রুজের উপস্থিতি বিয়েলসাকে তার কাঙ্ক্ষিত উদ্যম ও প্রেসিংয়ের ক্ষেত্রে তীব্রতা জোগাবে। অন্যদিকে, আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন দারউইন নুনেজ।
তবে ব্যালন দি’অর জয়ী করিম বেনজেমাকে দলে ভেড়ানোর পর বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনে রদবদল করতে বাধ্য হয় সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এর ফলে গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি নুনেজের।
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে রয়েছে ‘এইচ’ গ্রুপে। ১৬ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা নিজেদের অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে ও ২০১০ সালের শিরোপাজয়ী স্পেন।
২০২৬ বিশ্বকাপের জন্য উরুগুয়ে স্কোয়াড:
গোলরক্ষক: সার্জিও রোচেত, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাথিয়াস অলিভেরা, হোয়াকিন পিকেরেজ, মাতিয়াস ভিনা
মিডফিল্ডার: মানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো বেন্তানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্তিন কানোবিও, হুয়ান মানুয়েল সানাব্রিয়া, জর্জিয়ান দে আরাসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, রদ্রিগো সালাজার, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ
ফরোয়ার্ড: রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, দারউইন নুনেজ।

