যুদ্ধবিরতি ভেঙে লেবাননের আরও গভীরে অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের আরও গভীরে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার রয়টার্সেরে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল এক বিবৃতিতে নেতানিয়াহু এ নির্দেশে দেন। লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, আগে যেসব এলাকা হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল, সেখানে ইসরায়েলের দখল ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।

গত মার্চে ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করার পর থেকেই সীমান্ত এলাকায় সংঘাত বাড়তে থাকে। এর জেরে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

লেবানন সরকারের হিসাবে, এ পর্যন্ত সংঘাতে ৩ হাজার ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের ২৪ জন সেনা ও চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সাম্প্রতিক অভিযানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে। প্রায় ৯০০ বছর পুরোনো এই দুর্গটি একটি উঁচু পাহাড়ি স্থানে অবস্থিত। এখান থেকে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা নজরদারি করা সম্ভব।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন লিতানি নদীর এলাকা পেরিয়ে আরও উত্তরের জাহরানি নদীর দিকে অগ্রসর হচ্ছে। রোববার জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী মানুষদের এলাকা ছেড়ে চলে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে দক্ষিণাঞ্চলের দেইর আল-জাহরানি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। রোববারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ৪০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, বিউফোর্ট দুর্গ ইসরায়েলের নতুন নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

তিনি বলেন, ‘এই অভিযান এখনো শেষ হয়নি। হিজবুল্লাহর সামরিক শক্তি ভেঙে দিতে আমরা বদ্ধপরিকর।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনাও চলছে। গত ১৫ মে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছিল। তবে মাঠের বাস্তবতায় সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

সর্বশেষ অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। তবে এ বিষয়ে লেবানন সরকার বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Latest Posts