বিশ্বকাপ দলে ফেরার আনন্দ বেশিদিন স্থায়ী হলো না নেইমারের জন্য। ব্রাজিল দলে ডাক পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন সান্তোস তারকা। এবার তার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে। ফলে কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে।
বুধবার সান্তোসের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, নেইমারের ডান কাফে ২ মিলিমিটারের একটি ‘ইডিমা’ বা ফোলা ধরা পড়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে এটিকে গুরুতর চোট বলা হয়নি, তবু সময়টা নেইমারের জন্য একেবারেই অস্বস্তিকর।
চোটের কারণে ইতোমধ্যেই সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি নেইমার। গ্রেমিওর বিপক্ষের লিগ ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সময়ের সঙ্গে লড়াই করে ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন তিনি।
সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘নেইমারের ছোটখাটো কাফ ইনজুরি হয়েছে, একটি ইডিমা ধরা পড়েছে। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী সে আগামী সপ্তাহে জাতীয় দলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে।’
তবে এই চোটের পর আবারও প্রশ্ন উঠেছে কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে। কারণ ব্রাজিল কোচ আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই তিনি বিশ্বকাপ দলে চান।
ব্রাজিল কোচিং স্টাফের দুশ্চিন্তা মূলত নেইমারের অনুশীলন সূচি এবং ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ ঘিরে। দ্রুত সুস্থ হওয়ার জন্য সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নিজের ব্যক্তিগত মেডিকেল টিম নিয়েও কাজ করছেন তিনি।
বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ‘গ্রুপ সি’-তে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

