দুর্গাপূজায় ৫ কোটি ও কঠিন চীবর দানে ৩ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করার কথা ভাবছে সরকার।

একইসঙ্গে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবের জন্য ৩ কোটি টাকা বরাদ্দের বিষয়টিও বিবেচনাধীন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর কাছে ৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় বরাদ্দ বাড়িয়ে ৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া, কঠিন চীবর দান উৎসবের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় সেখানে ৩ কোটি টাকার অনুমোদন হয়েছে বলে জানান বিজন কান্তি।

তিনি জানান, প্রতি বছরই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রীয় তহবিল থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে অনুদান দেওয়া হয়। এবার প্রধানমন্ত্রী সেই বরাদ্দ ১ কোটি টাকা বাড়িয়েছেন।

এদিকে, চলতি বছর দুর্গাপূজায় ২ দিনের ছুটির সঙ্গে একদিন নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয়েছে।

এতে এ বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে আরেকদিন বন্ধ হওয়ায় এ ছুটির সঙ্গে যোগ হচ্ছে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি।

এসব প্রস্তাব মন্ত্রিপরিষদের প্রয়োজনীয় সরকারি অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং চূড়ান্ত হওয়ার পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Related Articles

Latest Posts