বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ করার প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেষ দফার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়, আজ শুক্রবার সকালে চীনের নীতি-নির্ধারকদের জন্য বরাদ্দ অত্যন্ত সংরক্ষিত ও গোপনীয় এলাকা ঝংনানহাইয়ে দুই নেতা এই বৈঠকে মিলিত হন।
হোয়াইট হাউসের একটি প্রতিবেদন অনুযায়ী, কঠোর নিরাপত্তার কারণে এই চত্বরের ভেতরে মাত্র অল্প কয়েকজন সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বৈঠক শেষে দুই নেতা ঝংনানহাইয়ের একটি কক্ষে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন। শুরুতে ট্রাম্প জানান, তাদের মধ্যে বাণিজ্য, ইরান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
তারা এমন অনেক জটিল সমস্যার সমাধান করেছেন যা অন্য কারোর পক্ষে করা হয়তো সম্ভব হতো না।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক এবং আমরা (হরমুজ) প্রণালি সব সময় উন্মুক্ত দেখতে চাই।
বেইজিংয়ে আসতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি শি-কে ধন্যবাদ জানান। ট্রাম্প উল্লেখ করেন যে, আগামী ২৪ সেপ্টেম্বর শি যখন যুক্তরাষ্ট্র সফরে যাবেন, তখন তাদের আবারও দেখা হবে।
তিনি আশা প্রকাশ করেন, চীন ভ্রমণে তিনি যেভাবে মুগ্ধ হয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে শি জিনপিংও ঠিক তেমনই অভিভূত হবেন।
শি জিনপিং জানান, দুই নেতা এক নতুন ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে একমত হয়েছেন। একে তিনি একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
তবে অনুবাদক যখন শির এই বক্তব্য ইংরেজিতে অনুবাদ করছিলেন, ঠিক তখনই সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়া হয় এবং অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
এর আগে গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানান শি জিনপিং। সেখানে আলোচনার শুরুতে দুই নেতা বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদল গ্রেট হলের ভেতরে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেয়।

