কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের নাড়েশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবদুল্লাহ হিল জামান।

ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া আক্তার (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী ইসলাম (২৮) ও ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন ইসলাম (২৮)।

নিহত লিমন ইসলাম পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবদুল্লাহ হিল জামান বলেন, নিহতদের মধ্যে দুজন পুরুষ। এক মেয়ে শিশুও নিহত হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Related Articles

Latest Posts