‘আকা’ সিরিজের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ পপুলার বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ভিকি জাহেদ।
মনস্তাত্ত্বিক ও সামাজিক থ্রিলারধর্মী সিরিজ ‘আকা’য় মানুষের মনস্তত্ত্ব, মানসিক আঘাত এবং বাস্তবতা ও কল্পনার মধ্যকার অস্পষ্ট সীমারেখা তুলে ধরেছেন নির্মাতা।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় যাত্রা শুরু করেন ভিকি জাহেদ। পরে টেলিভিশনে কাজ করে পরিচিতি পান তিনি। পর্দায় থ্রিলার, অতিপ্রাকৃত ও রহস্যনির্ভর গল্প বলার ধরনে নিজস্বতা তৈরি করেছেন এই পরিচালক।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চিরকাল আজ’, ‘চক্র’, ‘পুনর্জন্ম’, ‘দ্বিতীয় সূচনা’, ‘প্রিয় আদনান’ ও ‘কায়কোবাদ’। এসব প্রযোজনা দর্শকদের প্রশংসা পেয়েছে।
ভিকির কাজের অন্যতম প্রধান অনুষঙ্গ মানুষের মনস্তত্ত্ব। তার গল্পে প্রায়ই জটিল চরিত্র ও অপ্রত্যাশিত মোড় দেখা যায়।
‘আকা’র গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ। শৈশবে পরিবারের মধ্যে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর থেকে গভীর মানসিক আঘাত বয়ে বেড়ায় সে। সেই অভিজ্ঞতা তাকে সমাজের অন্যদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে বাধা দেয়। একাকী জীবন কাটাতে থাকে আজাদ।
ভিকি জাহেদের লেখা ও পরিচালনায় সাত পর্বের ‘আকা’ ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পায়। সিরিজটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা।
মানসিক আঘাত, পরিচয় ও মানুষের মনের অন্ধকার দিকগুলোকে গুরুত্ব দিয়ে নির্মিত ‘আকা’ মনস্তাত্ত্বিক ও রহস্যনির্ভর গল্প বলার ক্ষেত্রে ভিকি জাহেদের স্বতন্ত্র নির্মাণশৈলীর আরেকটি উদাহরণ।

