সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। এতে আরও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য সদস্য। 

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রীসহ উপস্থিত অন্যরা শ্রদ্ধা জানান। এসময় মরহুমের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তিনি আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

 

Related Articles

Latest Posts