যেখানেই যাই, শিল্পীর সম্মান পাই: মৌসুমী হামিদ

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন মৌসুমী হামিদ। ক্যারিয়ারে যেমন প্রচুর নাটক করেছেন, তেমনি বড় পর্দাতেও নিজেকে চিনিয়েছেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও তার সরব উপস্থিতি। তিন মাধ্যমেই ভিন্ন ভিন্ন ঘরানার কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তিনি। কিছুদিন আগে ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব ফিল্মে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

আসন্ন ঈদের জন্য ৭ পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন মৌসুমী। কর্মব্যস্ততার মধ্যেই সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

শুরুতেই জানতে চাওয়া হয়, শিল্পীজীবন তার কেমন লাগে?

প্রশ্ন শুনে হেসে ওঠেন মৌসুমী হামিদ। এরপর বলেন, ‘শিল্পীর জীবন আমার দারুণ লাগে। আমি এই জীবনটাকে খুব উপভোগ করি। এই পেশায় প্রচুর মানুষের ভালোবাসা পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। অভিনয়ে না এলে হয়তো এই বিষয়গুলো টেরই পেতাম না।’মৌসুমী

পর্দায় একেক সময় একেকটি চরিত্রে মিশে যাওয়ার অনুভূতি কেমন? মৌসুমীর উত্তর, ‘খুব ভালো লাগে। আসলে শিল্পীর কাজই তো এটি। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন জীবনের সঙ্গে মিশে যাওয়া, সেই চরিত্রটা হয়ে ওঠা। যারা অভিনয় করেন, তারা দর্শকদের কাছে একেকটি চরিত্র হয়ে ওঠেন।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘কখনো বোবা মেয়ে, কখনো রাগী, আবার কখনো ভালো মেয়ে¬–কত রকম চরিত্রে যে আমাদের অভিনয় করতে হয়! একজন শিল্পীকে পর্দায় যা নয়, তা-ই হয়ে উঠতে হয়। আমরা শিল্পীরা মন দিয়ে সেই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করি। কাজটি প্রচার হওয়ার পর যখন মানুষের প্রশংসা পাই, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।’

এবারের ঈদের জন্য সকাল আহমেদ পরিচালিত ‘লাভ স্টেশন’ নামের ৭ পর্বের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাশ।

এই নাটক নিয়ে মৌসুমী বলেন, ‘পরিচালক কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমরাও নিজেদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার চরিত্রটি এখানে একটু অন্য রকম। একজন অভিমানী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এটি খুবই মজার একটি নাটক। চঞ্চল চৌধুরীসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পী আছেন এই নাটকে।’মৌসুমী

চঞ্চল চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ‘তাকে নিয়ে নতুন করে কী আর বলব! তিনি অত্যন্ত গুণী একজন শিল্পী। তিনি থাকলে কাজটি এমনিতেই ভালো হয়, সুন্দর হয়। সেটের পরিবেশটাও দারুণ থাকে।’

এবারের ঈদের ছুটিতে ঢাকায়ই থাকবেন মৌসুমী। তবে উৎসবের দিনগুলোতে ছোটবেলার স্মৃতি নিয়ে বলেন, ‘ঈদের সময় মন ছুটে যায় নিজের এলাকায়, নিজের বাড়িতে কাটানো সেই মধুর দিনগুলোতে। ছোটবেলার ঈদগুলো খুব আনন্দে কেটেছে। ঈদের সময় ঘনিয়ে এলেই সেই স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। তখনকার আর এখনকার আনন্দ তো এক নয়! আমার মনে হয়, ঈদের সময় সবারই ছোটবেলার কথা মনে পড়ে।’

ঈদের কাজের বাইরে সম্প্রতি রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করেছেন মৌসুমী হামিদ।

Related Articles

Latest Posts