ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগামী ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। আর ২১ মে থেকে চরকিতে স্ট্রিমিং হবে ‘দম’।
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গত ঈদে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানীসহ আরও অনেকে।
ঈদুল ফিতরের আরেক আলোচিত সিনেমা ‘দম’ মুক্তি পাচ্ছে আগামী ২১ মে চরকিতে। প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি। ২০ মে রাত ১২টার পর থেকেই (বাংলাদেশ সময় ২১ মে) দেশ-বিদেশের দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন।
অনেক দর্শক ইতোমধ্যে সিনেমাটি দেখলেও ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে অনেকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। তাদের জন্য ওটিটিতে মুক্তির ঘোষণা স্বস্তির খবর হয়ে এসেছে।
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। সিনেমার গল্প ও অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি “দম” বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে পৌঁছে যাবে। আশা করি দেশ-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন।’
‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।

