সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের লক্ষ্য সিরিজে জয় পাওয়া এবং আসন্ন আইসিসি ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া।
এর আগে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ দুই ম্যাচে ছন্দ ধরে রাখতে না পারায় সিরিজ হারতে হয় তাদের।
দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কাকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এবার ২০ ওভারের ফরম্যাট দিয়ে সেই অধরা সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া তারা।
আজ সোমবার সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘প্রথম ওয়ানডে জয়ের পর আমাদের সামনে সিরিজ জেতার বড় সুযোগ ছিল। কিন্তু শেষ দুই ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। সেই জায়গা থেকে আমি বলব, দল হিসেবে ঘুরে দাঁড়ানোর এটি আমাদের জন্য আরেকটি বড় সুযোগ।’
তিনি যোগ করেন, ‘নিজেদের মাঠে খেলা এবং সামনে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের জন্য আমরা কতটা প্রস্তুত, তা বোঝার জন্য এই ম্যাচগুলো সহায়ক হবে।’
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তিন ইনিংসে ১১১ রান করলেও জ্যোতির স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে, তৃতীয় ম্যাচে তার মন্থর ব্যাটিং নিয়ে সাবেক সতীর্থ রুমানা আহমেদও খোঁচা দিয়েছেন।
এই প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘দেখুন, শুধু আমারই যে সিরিজ খারাপ গিয়েছে তা নয়। দ্বিতীয় ওয়ানডেতে আমি ক্রিজে টিকে থাকার চেষ্টা করেছিলাম। কারণ আমাদের কোনো জুটি গড়ে উঠছিল না। উইকেটে সময় কাটানোর পেছনে কারণ ছিল।’
তিনি আরও বলেন, ‘শেষ ম্যাচে আমার টাইমিং ঠিকঠাক হচ্ছিল না। তবুও অন্য খেলোয়াড়দের নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলাম। সামগ্রিকভাবে সিরিজটি আমার জন্য ভালো ছিল না। তবে সামনে টি-টোয়েন্টি সিরিজ আছে, আর এই ফরম্যাটে স্ট্রাইক রেট বজায় রাখা জরুরি। আমার লক্ষ্য থাকবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে দ্রুত রান তুলে দলে অবদান রাখা।’
এদিকে শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু জানিয়েছেন, আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটিই তাদের শেষ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
চামারি বলেন, ‘সিলেটের কন্ডিশন কিছুটা ইংল্যান্ডের মতোই। বিশ্বকাপের আগে আমরা আর কোনো ক্রিকেট খেলছি না। তাই এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন আইসিসি ইভেন্টের আগে এটিই আমাদের শেষ আন্তর্জাতিক সফর।’
আবহাওয়া যেন বাগড়া না দেয়, সেই আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা কিছু নতুন কম্বিনেশন ঝালিয়ে দেখার চেষ্টা করছি এবং দলে দুজন নতুন খেলোয়াড় নিয়েছি। আশা করি, আমরা সঠিক সময়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।’
গত কয়েক বছরে বাংলাদেশের উন্নতির প্রশংসা করে চামারি যোগ করেন, ‘তারা ভালো দল। ছয়-সাত বছর আগের তুলনায় তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে, রাজশাহীতে ওয়ানডে ক্রিকেটে তাদের পারফরম্যান্স আমি দেখেছি। আশা করি, বাংলাদেশের দর্শকদের সামনে দুই দলই তাদের সেরাটা খেলবে।’
পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচে। বিপরীতে, শ্রীলঙ্কা জয় পেয়েছে ১০টিতে।
তবে এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সিলেটে আগামী সাত দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

