বিকেলে নববধূকে নিয়ে বাড়ি আসেন, রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

প্রায় দুই মাস আগে আহমেদ আনাস বাপ্পি ও সাইরা খাতুনের বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়ি আনেন বাপ্পি।

আজ শুক্রবার ছিল তাদের বৌভাতের আয়োজন। রাতভর সেই আয়োজনের প্রস্তুতি ও আনন্দ উৎসবের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাপ্পি। 

গতকাল দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

বাপ্পি (২২) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদির বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বৌভাতের আয়োজন করা হয়। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের স্থান ও প্যান্ডেল তৈরির কাজ রাত পর্যন্ত চলছিল। বাপ্পিও সেখানে উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পির মৃত্যু হয়। এমন দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Related Articles

Latest Posts