পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার আটলান্টিক উপকূলে ভাসমান একটি নৌকা থেকে ৪০ শিশুসহ ৩১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ শুক্রবার মৌরিতানিয়ার কোস্টগার্ডের দেওয়া এক বিবৃতির বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে নোয়াদিবু বন্দরের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, কাঠের একটি নৌকায় করে গাম্বিয়া থেকে রওনা হয়েছিল অভিবাসনপ্রত্যাশীদের দলটি। নৌকায় মোট ৩১৫ জন আরোহী ছিল। এর মধ্যে ১৯১ জন সেনেগালের, ১২৩ জন গাম্বিয়ার ও একজন মালির নাগরিক।
এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক, এমনকি নবজাতকও রয়েছে বলে জানিয়েছে মৌরিতানিয়ার কোস্টগার্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্টগার্ড সদস্য এএফপিকে জানান, নৌকাটি ভাসমান অবস্থায় ছিল এবং অভিবাসনপ্রত্যাশীরা চরম মানবিক সংকটে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেও আটলান্টিক উপকূলে ভাসমান একটি নৌকা থেকে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে মৌরিতানিয়ার কোস্টগার্ড।
আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর জন্য গত কয়েক বছর ধরে অসংখ্য মানুষ জরাজীর্ণ নৌকায় চড়ে বিপজ্জনক আটলান্টিক রুট অতিক্রম করার চেষ্টা করে আসছে। এর মধ্যে নৌকা ডুবে অনেক মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

