কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় সাতটি গরুও মারা গেছে।

আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সুখিয়াবাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সবাই পিকআপের যাত্রী। তারা হলেন—বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে।

আহত তিনজনের মধ্যে বাসচালকের সহকারী আছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করা অনন্যা ক্ল্যাসিক পরিবহনের। বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই পিকআপটি কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। উপজেলার সুখিয়াবাজারে ব্র্যাক ব্যাংকের সামনের সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

ওসি আরিফুর রহমান বলেন, বাস ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

Related Articles

Latest Posts