সরকারের সঙ্গে লিখিত ও অলিখিতভাবে আলোচনা ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনই স্পষ্ট করে ঘোষণা দেওয়া নির্বাচন কমিশনের পক্ষে সংগত হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘তবে এটা স্পষ্ট করে বলতে পারি, অক্টোবরকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।’
ইসি আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন সঠিক সময় হবে। যদি অক্টোবরে নির্বাচন হয় তাহলে ৪৫ দিন ধরে নিয়ে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছি।’
নির্দিষ্ট সময়ে সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করতে ইসি সচেষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘কোন নির্বাচন আগে হবে এই সিদ্ধান্ত এই মুহূর্তেও দেওয়া যাবে না। তবে ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা থেকে নির্বাচন শুরু হওয়াটা বাস্তবিক ও আইনগতভাবে যৌক্তিক। আর সিটি করপোরেশন তো প্রশাসক দিয়ে চলছে।’
সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ইসি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু সীমানা থেকে শুরু করে সবকিছু সরকারের সঙ্গে জড়িত, সেজন্য বাস্তবতা বলেন আর আইনগতভাবে বলেন সরকারের সঙ্গে সবসময় একটা লিখিত ও অলিখিত বোঝাপড়ার ভিত্তিতেই আমাদের চলতে হবে।’
তিনি আরও বলেন, ‘সবগুলো (নির্বাচন) একসঙ্গে করা যাবে না। কোনটা বেশি দরকার, মানুষের উপকার কোথায় বেশি হয়, কোথায় মানুষ অসুবিধা বোধ করছে—সরকারের সঙ্গে এসব বিষয়ে আমাদের কিছু আলাপ আলোচনা হবে এবং তার ভিত্তিতেই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব।’
অনুষ্ঠানে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকে ইসি সিনিয়র সচিব গণমাধ্যমকে ধারাবাহিকভাবে এ ব্যাপারে আপডেট করবেন।’
‘আমরা ইতোমধ্যে আচরণবিধি নিয়ে কাজ করে ওয়েবসাইটে দিয়েছি। এ বিষয়ে আমরা কিছু অবজারভেশন পেয়েছি। আমরা আইনগুলো ঘেটে রেখেছি। যদি কোনো সমন্বয় করার প্রয়োজন হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করছি,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার, ইসি তাহমিদা আহমদ, ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।
আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএফইডির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।

