মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।
মামলার বাদী ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করায় গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন আইনজীবী হুমায়ুন কবীর।
ওইদিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আজ আদালতে আমির হামজার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। পরে বিচারক আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

