বয়স ৩৬ পেরিয়ে গেছে, চার বছর হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না ভুবনেশ্বর কুমার। তবে ডানহাতি এই স্যুইং বোলারকে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের দলে দেখতে চান রবীচন্দ্রন অশ্বিন। এছাড়াও বিশ্বকাপে ভারতের এক ঝাঁক তারকার মধ্যে কাকে দেখছেন, কাকে দেখছেন না সেই সম্পর্কেও স্পষ্ট মত দিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই স্পিনার।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনায় আলোচনায় এই টুর্নামেন্টের জন্য নিজের পছন্দের দল বেছে নিয়েছেন তিনি। অশ্বিনের বেছে স্কোয়াডে জায়গা পাননি রিশভ পান্ত ও ওয়াশিংটন সুন্দরের মতো একাধিক নিয়মিত মুখ।
ব্যাটিং লাইনাপে কোহলি ও রোহিতের অভিজ্ঞতার ওপরই আস্থা রাখছেন অশ্বিন। অধিনায়ক গিলের সঙ্গে সঙ্গে মিডল অর্ডার ও উইকেটকিপিং বিকল্প হিসেবে তিনি রেখেছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও ঈশান কিষানকে। অলরাউন্ডার হিসেবে তার প্রথম পছন্দ হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজাকে (থাকলেও থাকতে পারেন) নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও প্রধান স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে বেছে নিয়েছেন অশ্বিন। পেস অ্যাটাকে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও হার্সিত রানার সঙ্গে অশ্বিনের সবচেয়ে বড় চমক বর্ষীয়ান পেসার ভুবনেশ্বর কুমার।
২০২২ সালের পর জাতীয় দলের জার্সিতে ওয়ানডে না খেললেও সাম্প্রতিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ভুবনেশ্বরের অবদান ছিল চোখে পড়ার মতো। দুই মৌসুমে ৩০ ম্যাচে ২১.৮৭ গড়ে ৪৫টি উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ পেসার।
এদিকে অশ্বিনের ‘সম্ভাব্য’ বা অনিশ্চিত তালিকায় জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আরশদীপ সিং ও প্রসিধ কৃষ্ণা। এইসব খেলোয়াড়দের নাম আসলে অশ্বিন বলেন, ‘থাকতেও পারে’।
আলোচনা তৈরি করেছে অশ্বিনের ‘বাদ পড়া’ তালিকা। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই ও শিবম দুবের পাশাপাশি অশ্বিনের বিশ্বকাপ পরিকল্পনায় একদমই জায়গা পাননি পান্ত ও সুন্দর। কোনভাবেই ওয়ানডে স্কোয়াডে তাদের ফিট দেখছেন না তিনি।
অশ্বিনের মতে ২০২৭ বিশ্বকাপে ভারতের দলে নিশ্চিতভাবে থাকবেন: অধিনায়ক শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা ও ভুবনেশ্বর কুমার।
যারা থাকলেও থাকতে পারেন– যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ শামি, আরশদীপ সিং ও প্রসিধ কৃষ্ণ।
যারা থাকবেন না– রিশভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, রবি বিষ্ণোই, শিবম দুবে, প্রিন্স যাদব ও গুরনুর ব্রার।

