উরুগুয়ের জাতীয় দলের কোচের পদ ছাড়ার পর দীর্ঘ ১০০ মিনিটের আবেগঘন সংবাদ সম্মেলনে নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন মার্সেলো বিয়েলসা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তিনি বলেন, তার ফুটবল দর্শন ও বার্তা কখনোই খেলোয়াড়দের মধ্যে সাড়া জাগাতে পারেনি।
২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেওয়া বিয়েলসার অধীনে দলটি বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে। শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জয় বা অন্তত ড্র প্রয়োজন হলেও গোলরক্ষকের ভুলে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
মন্তেভিদিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আমি যা জানি, তা নিয়ে কারও কোনো আগ্রহ ছিল না। আমি বুঝতে পারি, কখন কেউ আমার কাছ থেকে কিছু শিখতে চায়। কিন্তু আমি যা বোঝানোর চেষ্টা করেছি, কোনো স্তরেই তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এতে আমি খারাপ কিছু দেখি না। অন্যরা হয়তো আমার জানা বিষয়গুলো শিখতে আগ্রহী ছিল না। এখানেই বিষয়টির শেষ।’
তবে দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ, ‘যা ঘটেছে, তার দায় আমার। আমরা যে অবস্থানে টুর্নামেন্ট শেষ করেছি, তার কোনো অজুহাত নেই। খেলোয়াড়দের আমি যথেষ্ট ভালোভাবে পরিচালনা করতে পারিনি। আমি, আমার সহকারী এবং খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।’
যদিও ফলাফল হতাশাজনক, তবে উরুগুয়ে আরও ভালো ফল পাওয়ার যোগ্য ছিল বলে মনে করেন বিয়েলসা, ‘গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আমাদের সৌদি আরবকে হারানো উচিত ছিল, কেপ ভার্দেকেও হারানো উচিত ছিল এবং স্পেনের সঙ্গে অন্তত ড্র করা উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা সৌদি আরবের চেয়ে ২০ শতাংশ, কেপ ভার্দের চেয়ে ৩০ শতাংশ এবং স্পেনের চেয়ে ২৫ শতাংশ বেশি দৌড়েছি। অর্থাৎ দল হিসেবে আমরা যথেষ্ট ঐক্যবদ্ধ ছিলাম।’
স্পেনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ভুল করে গোল হজমের পর বিরতিতে নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সিদ্ধান্ত নিয়েও কথা বলেন বিয়েলসা।
তিনি জানান, ম্যাচের আগের দিন থেকেই মুসলেরা অসুস্থ ছিলেন।
‘আমার কোচিং জীবনে এই প্রথম কোনো খেলোয়াড় নিজের ভুলের মানসিক প্রভাবের কারণে বদলি হতে চেয়েছে। মুসলেরা আমাকে বলেছিল, ভুলটির কারণে সে এতটাই ভেঙে পড়েছিল যে দলের স্বার্থে মাঠ ছেড়ে দেওয়াই ভালো হবে। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল, কিন্তু সে মনে করছিল দ্বিতীয়ার্ধের চাপ সামলানোর মতো অবস্থায় নেই,’ বলেন তিনি।

