১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

ফলাফল ঘোষণার প্রায় আট মাস পর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থী আগামী ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষকরা নির্ধারিত তারিখে যোগদান করবেন।

মন্ত্রণালয় আরও জানায়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যোগদানের পর পদায়ন করা হবে। পরবর্তী সময়ে তাদের প্রশিক্ষণে পাঠানো হবে।

২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ফল অনুযায়ী, সহকারী শিক্ষক পদের জন্য চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে সুপারিশ করা হয়।

এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য এলাকার তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলায় লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হন।

পরবর্তীতে নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্র ও পোস্টিং অর্ডারের দাবিতে শাহবাগ ও মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ের বাইরে বিক্ষোভে অংশ নেন।

গত ২৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সদর দপ্তরের বাইরে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ বেশ কয়েকজন প্রার্থীর ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।

গত ৩ মে মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রার্থীদের অতীত কার্যক্রম এবং তাদের জমা দেওয়া নথিপত্রের সত্যতা যাচাই করতে বলা হয়।

গত ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রার্থীদের পুলিশি যাচাইয়ের ব্যবস্থা করতে নির্দেশ দেয়।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আজ রোববার নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালনের কথা রয়েছে।

Related Articles

Latest Posts