হাসান মাহমুদের পর এবার ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল

পেসার হাসান মাহমুদের পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার ডাক পেতে পারেন বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল কেন্ট ইংলিশ কাউন্টিতে এই বাঁহাতি পেসারকে নিতে আগ্রহ দেখিয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে।

চলতি মৌসুমে শরিফুলকে চারটি ম্যাচের জন্য দলে পেতে চায় কেন্ট। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন তরুণ এই পেসার, তবে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন শরিফুল। তবে আগামী ২২ আগস্ট থেকে ম্যাকায়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি। এই মুহূর্তে পুরো মনোযোগটাই সেখানে দিচ্ছেন শরিফুল।

এদিকে, আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যদিও সিরিজটি হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। যদি সেপ্টেম্বরের সেই সিরিজটি না হয়, তবে ক্যারিয়ারের প্রথম কাউন্টি অভিযানে যাওয়ার সবুজ সংকেত পেতে পারেন শরিফুল।

এর আগে গত জুনে কেন্টের হয়ে কাউন্টিতে দারুণ এক অভিষেক ঘটেছিল হাসান মাহমুদের। প্রথম দুই ম্যাচেই ১২টি উইকেট শিকার করেছিলেন তিনি। যেখানে ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন হাসান।

 

Related Articles

Latest Posts