শেখ হাসিনাকে ফেরানোর গোপন তৎপরতায় শিক্ষক জড়িত কি না, তদন্তে খুবিতে কমিটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষক যুক্ত কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সূত্রের খবরে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন তৎপরতায় যুক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরনের কোনো গোপন তৎপরতায় জড়িত কি না, তা সুষ্ঠুভাবে অনুসন্ধানের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিনকে সভাপতি এবং ছাত্রবিষয়ক পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষা স্কুলের ডিন, আইন স্কুলের ডিন ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত কমিটির কোনো সভা হয়নি। আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বৃহস্পতিবার কমিটির সভাপতির সঙ্গে দেখা করে সভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
 

Related Articles

Latest Posts