হালান্ডকে পাস না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরলথকে হেনস্তা

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নাটকীয় হারের ক্ষত এখনো শুকায়নি নরওয়ের। সেই হতাশার মধ্যেই ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দলের ফরোয়ার্ড আলেক্সান্ডার সরলথ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্লিং হালান্ডকে পাস না দিয়ে নিজে শট নেওয়ার সিদ্ধান্তের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন তিনি।

শনিবার মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। দ্বিতীয়ার্ধে দুই-এক পরিস্থিতিতে বল পেয়েছিলেন সরলথ। সামনে ফাঁকায় ছিলেন হালান্ড। কিন্তু পাস না দিয়ে নিজেই শট নেন তিনি। ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস সেই শট ঠেকিয়ে দেন। কয়েক মিনিট পরই সমতায় ফেরে ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে যায়।

ম্যাচের পর থেকেই সামাজিক মাধ্যমে সরলথকে লক্ষ্য করে শুরু হয় তীব্র সমালোচনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তার সঙ্গী লেনা সেলনেস ইনস্টাগ্রামে পাওয়া কিছু বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে সরলথকে আত্মহত্যা করতে বলার নিকৃষ্ট মন্তব্যও করা হয়েছে।

নরওয়ের কোচ স্টেলে সোলবাক্কেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা খুবই মর্মান্তিক। এটাই এখনকার পৃথিবী। আমি ছেলেদের সব সময় বলি, বিশেষ করে এমন দিনের পর সামাজিক মাধ্যম থেকে দূরে থাকতে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে আর কিছু বলার নেই। সব দিক থেকেই এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং মানবিকতার পরিপন্থী।’

তবে ম্যাচের পর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা সরলথ জানান, তার প্রথম ইচ্ছাই ছিল হালান্ডকে বল বাড়িয়ে দেওয়া।

‘সেই মুহূর্তে আমি শুধু আর্লিংকে পাস দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছে পাস দেওয়ার জায়গাটা খোলা ছিল না। তাই আমি শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম,’ বলেন সরলথ

তার মতে, ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস এমনভাবে অবস্থান নিয়েছিলেন যে হালান্ডের কাছে বল পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

একটি মুহূর্তের সিদ্ধান্ত বিশ্বকাপে নরওয়ের ভাগ্য বদলে দিয়েছে কি না, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে সেই সিদ্ধান্তের জন্য একজন ফুটবলারের উদ্দেশ্যে ঘৃণা, গালিগালাজ কিংবা তাকে আত্মহত্যা করতে বলার মতো মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমন বার্তাই দিয়েছেন নরওয়ের কোচ সোলবাক্কেন।

Related Articles

Latest Posts