বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পুরো পরিবেশ দীর্ঘতম সংস্করণের প্রেমিকদের জন্য একদম উপযুক্ত—যারা ক্রিকেটকে ধীরস্থিরভাবে, চিন্তা ও কোনো তাড়া ছাড়া উপভোগ করতে পছন্দ করেন।
বর্ষার আগমনী বার্তা নিয়ে আসা আষাঢ় মাস হয়তো এখনো দরজায় মৃদু কড়া নাড়ছে, তবে জৈষ্ঠ্যের শুরুতেই সিলেট যেনবর্ষার রূপে নিজেকে জড়িয়ে নিয়েছে। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, মাঝেমধ্যে এক পশলা বৃষ্টি এসে গ্রীষ্মের শেষের দিকের চিরচেনা রুক্ষতা ধুয়ে দিয়ে যাচ্ছে। বাতাস বয়ে নিয়ে আসছে এক প্রশান্তিদায়ক শীতলতা, যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিগুলোতে আলতো করে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণের জন্য মনে হতে পারে, দেশের এই কোণে যেন বসন্ত আবার নীরবে ফিরে এসেছে।
এমনই সব দিনেই টেস্ট ক্রিকেট তার আসল রূপটি মেলে ধরে।
সীমিত ওভারের ক্রিকেটের অবিরাম গতির মতো এখানে কোনো তাড়া নেই। প্রতি চারের পর কোনো উচ্চৈঃস্বরে বাজানো গান নেই, ক্রমাগত মনোযোগ কেড়ে নেওয়ার মতো কোনো গর্জন বা জাঁকজমক নেই। টেস্ট ক্রিকেটের চলার ছন্দ আলাদা—ধৈর্যশীল, চিন্তাশীল এবং প্রায় কাব্যিক। প্রতিটি ওভার এক মাপা ছন্দে এগিয়ে চলে, যা দর্শকদের শুধু আরাম করে বসে খেলাটিকে মনেপ্রাণে অনুভব করার এক বিরল সুযোগ করে দেয়।
রবিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিলেট টেস্টে বিশাল স্টেডিয়ামের চারপাশ জুড়ে মাত্র কয়েক শ দর্শক ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন। যার বেশিরভাগই বসেছিলেন পূর্ব গ্যালারিতে, এদের অনেকেই ছিলেন স্কুলের শিক্ষার্থী, যারা ক্রিকেটের একটি নিবিড় দিন উপভোগ করছিলেন। অন্যদিকে, গাছপালার নিচে ঘাসের ঢালে শুয়ে-বসে থাকা হাতেগোনা কয়েকজন দর্শক ছাড়া বিখ্যাত গ্রিন গ্যালারিটি ছিল প্রায় ফাঁকা।
তবুও, এই স্বল্প উপস্থিতি নিজস্ব এক সৌন্দর্য তৈরি করেছিল।
গ্যালারিতে মানুষের ভিড় এত কম থাকায় মাঠের প্রতিটি শব্দ বাতাসে ভেসে খুব পরিষ্কারভাবে আসছিল। ব্যাটে বল লাগার তীক্ষ্ণ আওয়াজ মাঠজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। এলবিডব্লিউ বা ক্যাচের জোরালো আবেদনের পর বোলাররা উল্লাসে চিৎকার করে উঠছিলেন। ফিল্ডাররা নিজেদের মধ্যে কৌশলী আলোচনা করছিলেন, যা গ্যালারি থেকেও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। সীমানা দড়ির ওপারে বাঁশঝাড়ে বাতাসের মর্মর শব্দ, আর কাছের গাছগুলো থেকে পাখিদের কিচিরমিচির কোনো বাধা ছাড়াই শোনা যাচ্ছিল।
সিলেটে ক্রিকেট প্রকৃতিকে ছাপিয়ে যায় না, বরং তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচগুলো প্রায়ই কানায় কানায় পূর্ণ গ্যালারিতে হলেও, উপমহাদেশের গল্পটা ভিন্ন। বিশেষ করে বাংলাদেশে লাল বলের ক্রিকেট সাধারণত খালি আসনের সামনেই মাঠে গড়ায়। তবে সিলেটের মতো ভেন্যুগুলো হয়তো প্রমাণ করে যে, টেস্ট ক্রিকেটের আবহ তৈরির জন্য সবসময় শোরগোলের প্রয়োজন হয় না। কখনো কখনো নীরবতাই এই প্রদর্শনীর অংশ হয়ে ওঠে।
২০১৮ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার পর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিজের এক অনন্য পরিচয় তৈরি করে নিয়েছে। লাক্কাতুরা চা বাগানের ঢেউ খেলানো সবুজের কোল ঘেঁষে গড়ে ওঠা এই স্টেডিয়ামটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন ক্রীড়াঙ্গন হিসেবে টিকে রয়েছে। পাশাপাশি দুই মাঠ তৈরির জন্য চারপাশের উঁচুটুকু সমতল করার পর যে টিলাটি অবশিষ্ট ছিল, তার ওপর নির্মিত গ্রিন গ্যালারিটিই এখন এর মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
বর্ষাকালে এই ঢালটি সবুজের এক ঘন চাদরে পরিণত হয়। কয়েক বচহর আগে রোপণ করা গাছগুলো এখন তাদের ডালপালা এতটাই মেলে ধরেছে যে, নিচে থাকা দর্শকদের প্রাকৃতিক ছায়া দেয়। কাঁঠাল ও সোনালুর মতো দেশি গাছ এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়, বিশেষ করে যখন গাঢ় সবুজ পটভূমিতে সোনালি সোনালু ফুল ফুটে ওঠে।
ঘাসের ওপর পা ছড়িয়ে বসে, গাছের নিচে টেস্ট ম্যাচের ধীরলয়ে এগিয়ে চলা দেখা এক বিরল প্রশান্তি এনে দেয়। খেলাটিকে এই পরিবেশের সঙ্গে একদম সহজাত মনে হয়। কোনো উন্মত্ত তাড়া নেই, সময়ের বিরুদ্ধে কোনো মরিয়া ছুটে চলা নেই। সবকিছুই এক চমৎকার ছন্দে এগিয়ে চলে, ঠিক যেমন একটি শাস্ত্রীয় সংগীতের সুর প্রতিটি নোটে ধীরে ধীরে বিকশিত হয়।

