সাড়ে ৫০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, নিহত ৩

রাশিয়ায় রাতভর সাড়ে পাঁচ শতাধিক ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে অন্তত ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ টেলিগ্রামে এক পোস্টে লেখেন, একটি বাড়িতে ড্রোনের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আরও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

তিনি আরও জানান, রাতের এই হামলায় আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

গভর্নর বলেন, রাত ৩টা থেকে রাজধানীর আশেপাশে বিশাল এক ড্রোন আক্রমণ ঠেকিয়ে যাচ্ছে প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় চারজন আহত হয়েছেন এবং বিভিন্ন অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার এক হামলায় ২৪ জন নিহত হওয়ার একদিন পর শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কোর ভেতরেই রাতভর অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করেছে। এসব ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে, সেসব স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১২০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

রাজধানী সংলগ্ন অঞ্চলগুলো প্রায়ই ড্রোন হামলার শিকার হয়ে থাকে। তবে রাজধানী মস্কো শহর সচরাচর এমন হামলার লক্ষ্যবস্তু হয় না।

গত মঙ্গলবার বন্দি বিনিময় এবং তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে মস্কো ও কিয়েভ একে অন্যের ওপর পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে।

চার বছরেরও বেশি সময় ধরে রুশ বাহিনীর নিয়মিত হামলার জবাবে ইউক্রেনও নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, তারা কেবল সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেই হামলার লক্ষ্যবস্তু করছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে শত শত ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

সেদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া মোট এক হাজার ৫৬৭টি ড্রোন ছুড়েছে।
 

Related Articles

Latest Posts