সাবেক সেনাপ্রধান ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাবেক মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করে গ্রেপ্তার করার জন্য চিঠি দেওয়া হয়েছে।
মতিঝিলের শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম কর্মীদের ওপর ২০১৩ সালের ৫-৬ মে চালানো অভিযানের ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দেয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে আমরা গতকাল এনসিবিকে একটি চিঠি পাঠিয়েছি।’
এই মামলায় গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই সাংবাদিক ও আরও ৩৮ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন আইসিটি-২।
পরবর্তীতে ট্রাইব্যুনাল পলাতক ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এই মামলার আরেক আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য তার কার্যালয় এর আগে পদক্ষেপ নিয়েছিল।

