নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭), সাকিব হোসেন (২৭) ও মো. বাবলু (২৪)। স্থানীয় বাসিন্দারা রাতেই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও সিএনজিচালিত দুটি অটোরিকশায় আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে কয়েকজন নারী ছিল। সে সময় পেছন থেকে আমাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়।
হামলাকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন বলেও দাবি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহাম্মদ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, ভোররাতে গুলিবিদ্ধ চার যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা বর্তমানে সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।
সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ আরেকজনকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন ডেইলি স্টারকে বলেন, ‘হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

