সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক নোটিশ দিয়ে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশে তাদের নিজ, স্ত্রী-স্বামী ও নির্ভরশীলদের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের দায়, আয়ের উৎস ও কীভাবে এসব সম্পদ অর্জন করেছেন, তার বিবরণও দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দিলে কিংবা মিথ্যা বা ভুল তথ্য দিলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন। তার স্ত্রী ফারজানা রুপা একই চ্যানেলের সাবেক বিশেষ প্রতিবেদক।

২০২৪ সালের ৮ আগস্ট শাকিল ও রুপাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় একাত্তর টেলিভিশন। ওই বছরের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

Related Articles

Latest Posts