ফরিদপুরে ১৭ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
একইসঙ্গে অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন—সুমন মোল্লা (২১) ও মো. ওসমান বেপারী (৩১)।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ অক্টোবর ফরিদপুরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ২১ অক্টোবর ফরিদপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সুমন ও ওসমান ছাড়া অপর আসামি রিয়াজ বেপারি (২৪) মেয়েটির মামাতো ভাই।
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এই ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল।
তবে আজকের রায়ে রিয়াজ বেপারিকে বিচারক খালাসের আদেশ দেন বলে জানান পিপি।

