রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটির কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আজ সোমবার বিকেল ৩টার দিকে পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। 

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভা এলাকায় ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিলের জন্য অবস্থান নেয়। আর পদবঞ্চিতরা অবস্থান নেয় জেলা বিএনপি কার্যালয়ের সামনে। মিছিলটি কার্যালয়ের দিকে এগোতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী লাঠিচার্জ করলে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এরপর রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের সই করা আদেশে শহরের পৌরসভা, কাঠালতলী ও বনরুপার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। 

ওসি জসীম উদ্দিন বলেন, ‘১৪৪ ধারা জারি করা হয়েছে পৌরসভা, কাঠালতলী ও বনরুপার আশপাশের এলাকায়। কোনো প্রকার মিছিল, মিটিং ও জনসভা করা যাবে না। আমাদের পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’ 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ আজ (সোমবার) পর্যন্ত কার্যকর থাকবে।’ 

Related Articles

Latest Posts