‘যতক্ষণ নিশ্বাস আছে, ততক্ষণ অভিনয় করে যেতে চাই’

নব্বইয়ের দশকের দর্শকনন্দিত অভিনেতা জাহিদ হাসান। কয়েক দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে থেকে অভিনয় করে যাচ্ছেন তিনি। ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে আরও দুইবার এই পুরস্কার অর্জন করেন। সবশেষ ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে সব শ্রেণির মানুষের ভালোবাসা অর্জন করেছেন তিনি।

গত বছর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে অভিনয় করেও দারুণ সাড়া পান তিনি। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

জাহিদ হাসান অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র প্রচার শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।

দীর্ঘদিন পর নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘ফিরে আসার গল্প’ খুবই ইমোশনাল। প্রচার শুরু হওয়ার পরই নাটকটি দর্শকদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে। এই নাটকটি সবাইকে স্পর্শ করবে। গল্প, অভিনয় ও নির্মাণ—সবই সুন্দর।

‘নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন তিনি। এই নাটকে অভিনয় করে ভালো লেগেছে। চমৎকার একটি নাটক।’

কিছুদিন আগে ‘পথহারা মন’ নাটকে অভিনয় করেও দারুণ সাড়া পেয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘পথহারা মন’ নাটকে অভিনয় করে সবার কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছি। আসলে দর্শকদের ভালোবাসাই সবকিছু।

অভিনয়ের বিষয়ে তিনি বলেন, একজন অভিনেতার কাজই তো অভিনয় করা। আমাকে সে রকম গল্প ও চরিত্র দিতে হবে। তাহলেই তো কাজ করব। ভিন্নতা থাকতে হবে। নতুন কিছু দিতে হবে।

গত ৪ অক্টোবর ৬০ বছর বয়সে পা দিয়েছেন জাহিদ হাসান। এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘যতক্ষণ নিশ্বাস নিতে পারব, ততক্ষণ অভিনয় করে যেতে চাই। কাজের মান ধরে রাখতে চাই। কাজের মানটাই আসল। অনেক বছর ধরে অভিনয় করছি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘৬০ বছরে পা দিয়েও বলতে চাই, যেন ভালো কাজ করে যেতে পারি। কাজের মান ধরে রেখে মানুষের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো পার করতে পারি।’

অভিনয়জীবনে কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। কেমন লাগে—এমন প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, ‘মানুষের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। যারা আমার অভিনয় দেখেন, ভালোবাসেন, তাদের প্রতি ভালোবাসা।’

আরেক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু নাটক ও সিনেমার কথা এখনো দর্শকরা আগ্রহ নিয়ে বলেন, তাদের ভালো লাগার কথা জানান। এসব যখন শুনি, খুব ভালো লাগে।’

Related Articles

Latest Posts