মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা-কচুরগুল সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি কর্মকর্তারা জানান, দুইজন পুরুষ, সাতজন নারী ও এক শিশুকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়।

বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বিএসএফ যাদের বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছিল, তারা বিজিবির প্রবল বাধার মুখে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে।

Related Articles

Latest Posts