নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সাহারা খাতুন নামাপাড়া গ্রামের মো. আবদুল মোতালেবের স্ত্রী।
আটক তিনজন হলেন—জামাই সাহেদ বিশ্বাস (৩৫), তার মা শাহেরা খাতুন (৫৫) ও দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাহেদের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আরেকটি বিয়ে করেন। মৃত স্ত্রীর সম্পত্তির অংশ দাবি করে শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রায়ই তার বিরোধ হতো। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় সাহারা খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ, তার মা শাহেরা ও বর্তমান স্ত্রী তাসলিমা মিলে সাহারা খাতুনকে মারধর করেন। পরে সাহেদ ঘর থেকে কুড়াল এনে সাহারার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা এসে সাহেদ, তার মা ও স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন।
ওসি শাকের আহমেদ বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত জামাইসহ দুজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি এসে রাতে মামলা করবেন বলে জানিয়েছেন।

