মালয়েশিয়ায় মেয়াদোত্তীর্ণ মালয়েশীয় পাসপোর্টসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
দেশটির সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর এই অভিযান চালানো হয়। পোস্টে এক ব্যক্তির হাতে মালয়েশীয় ও বাংলাদেশি দুটি পাসপোর্ট দেখা যায়।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান স্টারকে জানান, পোস্টটি ছড়িয়ে পড়ার পর জনমনে উদ্বেগ তৈরি হলে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। পাহাং অভিবাসন বিভাগ ও রাজ্যের জাতীয় নিবন্ধন বিভাগ মিলে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়জন অভিবাসন কর্মকর্তা কুয়ানতানের জালান কুয়ানতান বান্দার দামানসারা এলাকায় একটি কনটেইনারে অভিযান চালান। সেখান থেকেই ওই বাংলাদেশিকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তল্লাশিতে দুটি মেয়াদোত্তীর্ণ মালয়েশীয় আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার হয়, একটির মেয়াদ শেষ হয়েছিল ২০১৭ সালের এপ্রিলে, অন্যটির ২০২২ সালের অক্টোবরে। এছাড়া এক মালয়েশীয় নাগরিকের ‘সিফেয়ারার্স সার্ভিস বুকও’ পাওয়া যায়। আটক ব্যক্তিকে কুয়ানতান অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে।
জাকারিয়া বলেন, উদ্ধার হওয়া নথির প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি অনুমতি ছাড়া নথি রাখা ও ভ্রমণ নথির অপব্যবহারসহ সম্ভাব্য সব আইন লঙ্ঘনের বিষয় তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

