লাল কার্ড দেখা বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

এক আশ্চর্যজনক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দলটির হয়ে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে তার কোনো বাধা নেই।

আসরের শেষ বত্রিশের ম্যাচে গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনাকে। সেদিন তাদের হয়ে প্রথম গোলটি করা বালোগুন প্রতিপক্ষের তারিক মুহারেমিভিচের ডান গোড়ালিতে পা দিয়ে আঘাত করেন। ফলে তাকে ভিএআরের সাহায্য নিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয়। এতে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ফর্মে থাকা এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি এক বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত রাখা হলো।’

সেখানে আরও বলা হয়েছে, ‘এই পর্যবেক্ষণমূলক সময়ের মধ্যে বালোগুন যদি একই ধরনের এবং সমমাত্রার কোনো নিয়ম লঙ্ঘন করেন, তবে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং পূর্বের শাস্তি কার্যকর করা হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য অতিরিক্ত শাস্তিও এর সাথে যুক্ত হতে পারে।’

সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থার বাস্তবায়ন স্থগিত করার এখতিয়ার ফিফার ডিসিপ্লিনারি কমিটির রয়েছে।

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন চলতি বিশ্বকাপে তাদের শীর্ষ গোলদাতাকে বেলজিয়ামের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলার অনুমতি দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। ইউএস সকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং ফোলারিন বালোগুন আগামীকাল (বাংলাদেশ সময় অনুসারে মঙ্গলবার) খেলার যোগ্য হওয়ায় আমরা আনন্দিত।’

এবারের টুর্নামেন্টে চার ম্যাচে তিনটি গোল করা ২৫ বছর বয়সী বালোগুন গত শুক্রবার দাবি করেছিলেন যে, তার ওই ফাউলের জন্য লাল কার্ডের বদলে হলুদ কার্ড দেখানোই বেশি ন্যায়সংগত হতো। যুক্তরাষ্ট্রের একটি অনুশীলন সেশনে সাংবাদিকদের বালোগুন বলেছিলেন, ‘পা ফেলার মতো অন্য কোনো জায়গা ছিল না। এটি (মুহারেমোভিচের পায়ে আঘাত করা) এড়ানো অসম্ভব ছিল।’

তিনি যোগ করেছিলেন, ‘তো আমি বিষয়টি নিয়ে অনেক ভিন্ন ভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গি দেখেছি। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, একটি হলুদ কার্ডই যথেষ্ট হতো। যা ঘটার ঘটে গেছে, তাই এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আমাকে এটি মেনে নিতে হবে।’

সিয়াটলে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার শেষ ষোলোর লড়াই। নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় এই ম্যাচে বালোগুনের খেলার সুযোগ পাওয়ার বিষয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বেলজিয়াম।

Related Articles

Latest Posts