ময়মনসিংহে ধসে পড়া বেইলি সেতুর বিকল্পে কাঠের সেতু

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদীতে বেইলি সেতু ধসে পড়ার এক মাসেরও বেশি সময় পর সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি ধসে যাওয়ায় জেলা সদরের সঙ্গে ধোবাউড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

শনিবার কাঠের সেতুটি উদ্বোধন করা হয়।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ৫ লাখ টাকা ব্যয়ে ১১৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। বর্তমানে স্থানীয় বাসিন্দা, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা সেতুটি দিয়ে চলাচল করছে। তবে ভারী যানবাহন ও বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সেতুটি ধসে পড়ার পর স্থানীয়রা নৌকায় পারাপার করতেন। ধসে পড়া বেইলি সেতুটি মেরামতের জন্য ইতোমধ্যে ২৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে মেরামতকাজ শুরু হতে পারে।

গত ৭ জুন গোয়াতলা বাজার এলাকায় বালুবোঝাই একটি ট্রাক সেতুটিতে ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। এতে কেউ হতাহত না হলেও তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয়রা জানান, পুরোনো এই সেতুটির বিভিন্ন অংশ আগেই জরাজীর্ণ হয়ে পড়েছিল। প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শেষ পর্যন্ত এটি ধসে পড়ে।

ইউএনও জানান, প্রায় ১০ বছর আগেই সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।

 

 

Related Articles

Latest Posts