নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর একটিও বিএনপি সরকার বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, এখনো নতুন কোনো কর্মসংস্থান নিশ্চিত করা হয়নি। জনগণ নানা সংকটে দিন কাটাচ্ছেন। নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিং দিন দিন বাড়ছে। আপনারা দেখছেন, ইরান যুদ্ধের অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অথচ এখনো লোডশেডিং সমস্যার সমাধান করতে পারেনি।
শনিবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ অবস্থান নিয়েছিলেন। কিন্তু অতীতের সরকারের মতো বর্তমান সরকারও সেই গণভোটের ফলাফল চুরি করেছে। অর্থাৎ আগে সরকার ভোট চুরি করত, আর এখন ফলাফল চুরি করেছে।
এনসিপির চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন ও মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব আবু বাকের মজুমদার প্রমুখ।

