বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি: সিরাজগঞ্জে করতোয়া নদীর নৌকাবাইচ স্থগিত

বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর কলিগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

একইস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি নৌকাবাইচের আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ শনিবার উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করতোয়া নদীতে প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আশপাশের গ্রামের হাজারো মানুষ অংশ নেন।

স্থানীয় ইউনিয়ন জামায়াত নেতা জহুরুল ইসলাম ৪-৫ সেপ্টেম্বর কলিগঞ্জ ঘাটে নৌকা বাইচের আয়োজন করেন। অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি মেম্বার সেলিম রেজা একই স্থানে ৭-৯ সেপ্টেম্বর পৃথক নৌকা বাইচের ঘোষণা দেন।

জামায়াত নেতা জহুরুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতি বছরের মতো এবারও স্থানীয়রা যৌথভাবে রামকান্তপুর ঘাটে নৌকা বাইচের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে পড়ায় বিএনপি সমর্থকরা সেই আয়োজন থেকে সরে দাঁড়ান। তাদের সরে যাওয়ার পর আমরা ৪-৫ সেপ্টেম্বর কলিগঞ্জ ঘাটে নৌকা বাইচের আয়োজন করি। এতে জামায়াতের সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম খানকে প্রধান অতিথি করা হয়।’

‘কিন্তু আমাদের আয়োজনের বিরোধিতা করে বিএনপি থেকে প্রশাসনকে অভিযোগ করা হয় এবং একইস্থানে ৭-৯ সেপ্টেম্বর পাল্টা কর্মসূচি ঘোষণা করে। তাই প্রশাসন শুক্রবার আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে আমরাও তাদের কর্মসূচির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি,’ বলেন তিনি।

অপরদিকে বিএনপি সমর্থিত আয়োজক সেলিম রেজা বলেন, ‘আমরা আগেই ৭-৯ সেপ্টেম্বর নৌকা বাইচের দিন নির্ধারণ করেছিলাম। আমাদের নির্ধারিত কর্মসূচি পণ্ড করতেই জামায়াত নেতারা হঠাৎ করে ৪-৫ সেপ্টেম্বর আলাদা নৌকা বাইচের ডাক দেন।’

ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষের কেউই স্থানীয় প্রশাসনের কাছ থেকে আগাম কোনো অনুমতি নেননি। একইস্থানে দুই রাজনৈতিক পক্ষের পাল্টাপাল্টি আয়োজনে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় এবং আইনশৃঙ্খলার অবনতি এড়াতে দুটি অনুষ্ঠানই স্থগিত ঘোষণা করা হয়েছে।’

Related Articles

Latest Posts