শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, তরুণী গ্রেপ্তার

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণে অভিযুক্ত তরুণী যুথিকেও (২২) আটক করে পুলিশ।

অপহৃত নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

আজ শনিবার পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার ও ওই তরুণীকে আটক করা হয়। এরপর কাফরুল থানা পুলিশের কাছে তাদের দুজনকে বুঝিয়ে দেওয়া হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ডেইলি স্টারকে জানান, পদ্মা সেতু (দক্ষিণ) থানা থেকে বুঝে পাওয়ার পর ভোর ৪টার দিকে পরিবারের কাছে নুসরাতকে হস্তান্তর করা হয়।

নুসরাতের মা আমেনা বেগম ডেইলি স্টারকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে কাফরুল থানা থেকে আমাদের ফোন করে নুসরাতকে উদ্ধারের খবর জানানো হয়। আমরা গিয়ে ভোর ৪টার দিকে মেয়েকে বাসায় নিয়ে আসি।’

এর আগে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার সামনে থেকে নুসরাত নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে।

একটি ভিডিওতে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরা এক তরুণী তার হাত ধরে কিছুক্ষণ হাঁটার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যান।

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক ডেইলি স্টারকে বলেন, অপহরণের পর গত বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় নুসরাতকে রাখা হয়। এরপর তাকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল যুথি।

এ ঘটনায় অপহরণ মামলায় যুথিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পরিদর্শক রুবেল।

Related Articles

Latest Posts