রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ আদায় শেষে সকাল ৯টার দিকে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তারা দুজনের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে তারা সেখানে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জিয়া উদ্যান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ করেন ও মোনাজাত করেন।
এরপর প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে তার শ্বশুর মরহুম মাহবুব আলীর কবর জিয়ারত করেন ও ফাতেহা পাঠ করেন।

