ভারতের পূর্ব উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কোস্টগার্ড ও নৌবাহিনী।
রয়টার্স বলছে, জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে দুই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ২২ জন।
ভারতের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক শ্যাম জগন্নাথন রয়টার্সকে বলেন, উদ্ধার হওয়া দুই চীনা নাবিক জানিয়েছেন, শুক্রবার জাহাজটি একদিকে কাত হতে শুরু করে এবং মাত্র আট মিনিটের মধ্যে ডুবে যায়। এসময় নাবিকেরা জাহাজটি ছেড়ে যেতে বাধ্য হন।
জগন্নাথন বলেন, সাধারণত নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যায়। তারপরও নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
ভারতের কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজ ২২ নাবিকের মধ্যে ১৮ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
নিখোঁজ নাবিকদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে ভারতীয় নৌবাহিনী। রোববার এক্সে দেওয়া এক পোস্টে নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, উদ্ধার ও অনুসন্ধান অভিযানের জন্য শ্রী বিজয়পুরম (আগে পোর্ট ব্লেয়ার নামে পরিচিত ছিল) থেকে দুটি জাহাজ পাঠানো হয়েছে।
ভারতের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘ওশান উইনার’ নামের জাহাজটি শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় প্যারাদ্বীপ বন্দর থেকে চীনের উদ্দেশে লোহার আকরিক নিয়ে যাত্রা করেছিল।
সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্যারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি কেন ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

