ম্যাকাইতে অস্ট্রেলিয়ার সঙ্গে স্রেফ দুই দিনে ইনিংস ব্যবধানে হারের হতাশার মাঝেও একটি ভালো খবর পেল বাংলাদেশ। ডারউইনে আগের টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাবে আইসিসি র্যাঙ্কিংয়ে ঘটেছে তিন ধাপ উত্তরণ। প্রথমবারের মতো টেস্টে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
টেস্টে বেশিরভাগ সময় নয় নম্বরেই ছিল বাংলাদেশের অবস্থান। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সাত নম্বরে উঠে রেকর্ড গড়ে নাজমুল হোসেন শান্তর দল। তবে জিম্বাবুয়ে গিয়ে ইনিংস হারের পর ফের নয়ে নেমে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করে আরও নতুন উচ্চতা পেল তারা।
২৩ অগাস্ট প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে দেখা যায় ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। ভারতের কাছে গলে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা রেটিং পয়েন্ট হারিয়ে (এখন ৭৬) নেমে গেছে সাতে।
ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ায় অবনমন হয়েছে পাকিস্তানেরও। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে আটে। ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের অবস্থান দশ। বাকি দুই টেস্ট খেলুড়ে দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনো র্যাঙ্কিং টেবিলেই জায়গা পায়নি।
বাংলাদেশের সঙ্গে ডারউইনে হারলেও ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড, ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে ভারত। ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান ইংল্যান্ডের।

