বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন

আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো বাংলাদেশ শুনেই ঘুরে দাঁড়ালেন আলিসন বেকার। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন করার আগেই বললেন, ‘নাইচ, ধন্যবাদ বাংলাদেশ আমাদের সমর্থন করার জন্য।’ পরে জানালেন বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনার ভিডিও দেখেছেন তিনি। 

হিউস্টনে জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন জয়সূচক গোল করেন, বাংলাদেশে তখন মধ্যরাত। তবে ফুটবল সমর্থকরা এত রাতেও তুমুল উদযাপনে মাতেন। এসব দৃশ্য অবশ্য প্রতি ম্যাচেই। 

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ঢাকাসহ বিভিন্ন শহরে জায়ান্ট স্ক্রিনে দেখেন সমর্থকরা। প্রিয় দল জিতলে রাত যত গভীরই হোক উৎসব হয় রঙিন। 

সামাজিক মাধ্যমে সুযোগে এসব উন্মাদনার ভিডিও দেখেছেন আলিসন। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের নেইমার, আলিসনদের নিয়ে মাতোয়ারা হওয়ার ফুটেজ দেখে বাংলাদেশের ব্রডকাস্টার চ্যানেলে তিনি বললেন, ‘হ্যাঁ, আমি দেখেছি (ভিডিও)। আমি বলতে চাই বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য। আমরা ব্রাজিলিয়ানরা আপনাদের ভালোবাসি। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’

এর আগে ম্যাচ সেরা হয়ে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সমর্থকদের দেন ধন্যবাদ। এর আগে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ শুনে ঘুরে দাঁড়িয়ে জানিয়েছিলেন তার ভালোবাসার কথা। 

গত রাতে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিলো ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের মনে জেগেছিলো সংশয়। বিরতির পর কাসেমিরো আনেন সমতা। শেষ মুহুর্তে মার্তিনেল্লি গোল করলে শেষ ষোলো নিশ্চিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

 

Related Articles

Latest Posts