জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দারুণ পারফরম্যান্সে নাটকীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। শেষ বাঁশি বাজার ঠিক আগে জয়সূচক গোলটি করে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ষোলোর টিকিট পাইয়ে দেন বদলি নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। খেলা শেষে দলটির কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই জয় তাদেরই প্রাপ্য ছিল।
সোমবার রাতে হিউস্টনে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ২৯তম মিনিটে দানিলোর ভুলে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তবে বিরতির পর মরিয়া হয়ে ওঠা ব্রাজিল ৫৬তম মিনিটে সমতায় ফেরে কাসেমিরোর গোলে। আর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখন দ্বিতীয়ার্ধের যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে লড়াইয়ে ব্যবধান গড়ে দেন মার্তিনেল্লি।
প্রথমার্ধে ব্রাজিলকে পাওয়া যায়নি চেনা রূপে। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও জাপানের দুর্ভেদ্য দেয়াল ভাঙার মতো পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি। বরং নিজেদের ভুলে পাল্টা আক্রমণে গোল হজম করে বসে সেলেসাওরা। তবে এশিয়ার দলটির রক্ষণ জমাট রাখার কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি।
শুরুর একাদশে জায়গা টিকিয়ে রাখা অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো বিরতির পর তার ওপর কোচের রাখা আস্থার প্রতিদান দেন। তার নৈপুণ্যে ব্রাজিল সমতা টানার পর আনচেলত্তির আরেকটি সিদ্ধান্তও ফলপ্রসূ হয়। বদলি নেমে ব্রুনো গিমারায়েসের পাসে কোনাকুনি শটে জাল কাঁপিয়ে জাপানের হৃদয় ভাঙেন ফরোয়ার্ড মার্তিনেল্লি। গোটা ম্যাচে দুর্দান্ত খেলা গোলরক্ষক জিওন সুজুকি বলে হাত ছোঁয়ালেও গোল হওয়া রুখতে পারেননি।
ম্যাচের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে আনচেলত্তি বলেছেন, যোগ্য দল হিসেবেই জিতেছেন তারা, ‘এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। আমরা গোল হজম করেছি ঠিকই, তবে দল ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও দল বেশ ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল।’
অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ যোগ করেছেন, প্রতিপক্ষ হিসেবে জাপান কঠিন হলেও ব্রাজিলের জন্য পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়ের কমতি নেই, ‘মাঠ ও বেঞ্চ— দুই জায়গাতেই আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। জাপান মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয়। তারা বেশ গোছানো এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’
শেষ ষোলোতে আইভরিকোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল। নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়।
অন্যদিকে, আরও একবার বিশ্বকাপে জাপানের অভিযান শেষ হয়েছে নকআউট পর্বের প্রথম ধাপে। এর আগে ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২ সালের আসরে তারা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। শুধু তাই নয়, নকআউটে টানা তিন ম্যাচে প্রথমে লিড নিয়েও হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের।

