বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ভারতীয় একাধিক গণমাধ্যম অভিনেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। দ্য হিন্দু জানায়, আজ বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজ বাসভবনে তিনি মারা যান।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। পানাজির কাছে ডোনা পাওলা এলাকায় নিজের অ্যাপার্টমেন্টে অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের সিনিয়র চিকিৎসক শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস নথিভুক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

হাসপাতালের চিকিৎসকদের কাছে নানা পাটেকরের এক বন্ধু জানান, ভোর সাড়ে ৩টার দিকে অভিনেতা তাকে মেসেজ করে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন।

ডা. সালকার বলেন, বন্ধু মেসেজটি দেখেন ভোর ৪টার দিকে এবং দ্রুত নানা পাটেকরের অ্যাপার্টমেন্টে ছুটে যান। সেখানে তার সঙ্গে এক কেয়ারটেকার থাকতেন।

এরপর কেয়ারটেকার দ্রুত বেসরকারি হাসপাতালে যোগাযোগ করলে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

সালকার জানান, অ্যাম্বুলেন্সেই তাঁর চিকিৎসা শুরু হয়েছিল।

হাসপাতাল থেকে তার বাসভবনের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের পথ। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু ভোর ৫টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসক সালকার জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহ বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য হিন্দি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পারিন্দা’, ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাক্ট’, ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’ এবং ‘খামোশি: দ্য মিউজিক্যাল’।

তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেশ কয়েকটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং মারাঠি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া, শিল্পকলায় অবদানের জন্য তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত হয়েছেন।

Related Articles

Latest Posts