কিছু শিল্পী পর্দা থেকে হারিয়ে গেলেও থেকে যান দর্শকের হৃদয়ে। তেমনই এক নাম জসীম। বাংলা চলচ্চিত্রের পর্দায় তিনি ছিলেন শক্তিমান, দুর্ধর্ষ, আপসহীন এক নায়ক। তার কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা দৃশ্য—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক নায়ক।
তার পুরো নাম আবদুল খায়ের জসীম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি।
জসীমের চলচ্চিত্রজীবনের শুরুটা অবশ্য নায়ক হিসেবে নয়। খলনায়কের চরিত্রে অভিনয় করে পরে নায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।
আজ বাংলাদেশের সিনেমায় অ্যাকশন নায়কদের কথা উঠলে সবার আগে যাদের নাম আসে, তাদের মধ্যে অন্যতম জসীম। এই নায়ক অভিনীত অসংখ্য সিনেমা দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকের স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়া ১০টি সিনেমা নিয়ে এই আয়োজন।
১. সারেন্ডার
জসীম-শাবানা অভিনীত রোমান্টিক অ্যাকশন সিনেমার তালিকায় ‘সারেন্ডার’ একটি উল্লেখযোগ্য নাম। জহিরুল হক পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন বুলবুল আহমেদ, আবুল কাশেম মিঠুন, সিদ্দিক জামাল নান্টু, মাহবুব খান, বাবর ও মিজু আহমেদ।
২. লালু মাস্তান
এ জে মিন্টু পরিচালিত ‘লালু মাস্তান’ সিনেমাটি জসীমে অভিনীত অ্যাকশন সিনেমাগুলোর একটি। সিনেমায় জসীমের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, আজিম ও আনোয়ারা। সাধারণ মানুষের জীবন, অপরাধজগৎ ও সংঘাতের গল্পের সঙ্গে জসীমের চরিত্রটি দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করে।
৩. দোস্ত দুশমন
জসীমের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর মধ্যে ‘দোস্ত দুশমন’ বিশেষভাবে উল্লেখযোগ্য। দেওয়ান নজরুল পরিচালিত হিন্দি ‘শোলে’ সিনেমার রিমেক ‘দোস্ত দুশমন’। এই সিনেমায় আরও অভিনয় করেন সোহেল রানা, ওয়াসিম। বন্ধুত্ব, শত্রুতা ও অ্যাকশনের মিশেলে তৈরি সিনেমাটি সে সময়ের দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল।
৪. কালিয়া
বাংলাদেশের চলচ্চিত্রে ‘কালিয়া’ একটি আলোচিত সিনেমা। জসীম অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটি সেই সময়ে খুব আলোচিত হয়েছিল।
৫. বারুদ
দেওয়ান নজরুল পরিচালিত ক্রাইম অ্যাকশন ড্রামা সিনেমা ‘বারুদ’। এই সিনেমায় অভিনয় করেছেন শাবানা, ওয়াসিম, সোহেল রানা, ববিতা, নূতন, জসীম ও আদিল।
৬. বাংলার নায়ক
দেওয়ান নজরুল পরিচালিত সিনেমা ‘বাংলার নায়ক’। এই সিনেমার কাহিনী ও গল্প লিখেছিলেন নায়ক জসীম। এই সিনেমায় অভিনয় করেছেন জসিম, শাবানা, রিয়াজ।
৭. লাল গোলাপ
নায়ক জসীম অভিনীত একটি আলোচিত সিনেমা ‘লাল গোলাপ’। সি বি জামান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অঞ্জু ঘোষ, জনি, খলিল, শর্মিলী আহমেদ ও নাসির।
৮. গরীবের সংসার
দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ও জসীম অভিনীত সিনেমা ‘গরীবের সংসার’। এই সিনেমায় অভিনয় করেছেন শাবানা, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, ড্যানি সিডাক। জসীম শুধু অ্যাকশন সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না। সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমাতেও অভিনয় করেছেন।
৯. স্বামী কেন আসামী
মনোয়ার খোকন পরিচালিত আলোচিত সিনেমা ‘স্বামী কেন আসামী’। এই সিনেমায় অভিনয় করেছেন শাবানা, জসীম, চাঙ্কি পাণ্ডে, ঋতুপর্ণা সেনগুপ্ত, আহমেদ শরীফ, আনোয়ারা, দিলদার, মিশা সওদাগর।
১০. অভিযান
নায়করাজ রাজ্জাক পরিচালিত সিনেমা ‘অভিযান’। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। সিনেমায় তিন বন্ধুর ব্যবসায়িক অভিযানের গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, রোজিনা।
সিনেমায় জনপ্রিয় হয়েছেন অনেকেই। কিন্তু বাংলাদেশের অ্যাকশন সিনেমার ইতিহাসে জসীমের নামটি আজও আলাদা। কারণ শুধু অ্যাকশন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি সময়ের সিনেমার স্বপ্নের নাম।

