পাহাড় ধসের শঙ্কায় সাজেক ভ্যালি বন্ধ, রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

একইসঙ্গে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙ্গামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া, এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসের প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে কর্ণফুলী নদীতে তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ রেখেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সড়ক ও জনপথ অধিদপ্তরের রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুর্ঘটনা এড়াতে আজ বিকেল ৩টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’

স্রোতের ওপর নির্ভর করে পরবর্তীতে ফেরি চলাচল চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Related Articles

Latest Posts